সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে শুধু বাস ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রামসহ দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে, যা আজ থেকেই কার্যকর হবে।
মন্ত্রী জানান, রেল ও নৌ পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি আরও জানান, ডিজেলচালিত বাসের ক্ষেত্রে নতুন ভাড়া কার্যকর হবে, তবে সিএনজিচালিত বাস এতে অন্তর্ভুক্ত নয়। ভবিষ্যতে জ্বালানির দাম কমলে ভাড়া পুনরায় সমন্বয় করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত বাসভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।
এর আগে গত ২২ এপ্রিল সচিবালয়ে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নতুন বাস ভাড়া নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানিয়েছিলেন, সভায় পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ হয়নি।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, দেশের পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপে রয়েছে। সম্প্রতি ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানিকৃত যন্ত্রাংশ ও যানবাহন রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এ পরিস্থিতিতে পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
