আগামী নির্বাচনগুলো আন্তর্জাতিক মানদণ্ডে শান্তিপূর্ণভাবে দেখাতে চান বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন ভবনে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের ভোটগ্রহণ মনিটর শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, আমরা কেন্দ্রীয়ভাবে ড্রোনসহ বৈজ্ঞানিক পদ্ধতিতে মনিটরিং করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও ভালো নির্বাচন নিশ্চিত করতে জোর দেওয়া হয়েছে। সুন্দর ও স্মুথ নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
শেরপুরের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় সেখানে বিজিবি মোতায়েন বাড়ানো হয়েছে। বিজিবিকে কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি র্যাব, আনসার ও পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
ভোটের সার্বিক পরিস্থিতি জানিয়ে সিইসি বলেন, সকাল সাড়ে সাতটায় প্রথম রিপোর্ট পাওয়া গেছে এবং পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক আছে। মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে ও বাড়ি ফিরছে। সাধারণত উপ-নির্বাচনে ভোটার টার্ন আউট কম হওয়ার প্রবণতা থাকে, তবে তা দেখা যাক।
চট্টগ্রামের দুটি আসনের ফল নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি আদালতের বিচারাধীন বিষয়। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, যা আমাদের নিয়ন্ত্রণে নেই। সংবিধান সংস্কার পরিষদের শপথ ও মামলা প্রসঙ্গে তিনি বলেন, এগুলো আজকের ভোটের সঙ্গে প্রাসঙ্গিক নয় এবং হাইকোর্টে বিচারাধীন হওয়ায় কোনো মন্তব্য করতে চান না।
বিগত সরকারের আমলের চিঠি ও স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সিইসি জানান, এ বিষয়ে বর্তমান সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে। আইন-কানুন ও নতুন অধ্যাদেশ পাসের বিষয় বিবেচনায় সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করে সরকারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
