জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ৫ মে দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বে বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করে। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এই দিন ডিসচার্জ (অব্যাহতি) আবেদনের বিষয়ে শুনানি করেন আইনজীবী মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন। আসামিরা পলাতক থাকায় সরকারি খরচে নিয়োগ পেয়ে আইনি লড়াই করছেন তারা।
শুনানিতে স্টেট ডিফেন্স আইনজীবীরা দাবি করেছেন, আওয়ামী লীগের রাজনীতি করার কারণে শামীম ওসমানসহ ১২ জনকে আসামি করা হয়েছে। তবে প্রসিকিউশন তাদের বিরুদ্ধে প্রাথমিক কোনো অভিযোগ আনতে পারেনি।
আইনজীবী আলী হায়দারের ডিসচার্জ আবেদন নিয়ে আপত্তি জানান প্রসিকিউশন। তারা দাবি করেন, শামীম ওসমানসহ অন্য আসামিদের সঙ্গে তার যোগসাজশ রয়েছে। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, ডিসচার্জ আবেদনে জুলাই গণঅভ্যুত্থানকে কথিত বলে উল্লেখ করা হয়েছে।
উভয়পক্ষের শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ বিষয়ে আদেশের জন্য আগামী ৫ মে দিন নির্ধারণ করা হয়।
শামীম ওসমান ছাড়া অন্য আসামিরা হলেন: ইমতিনান ওসমান অয়ন, আজমেরী ওসমান, মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, তানভীর আহমেদ টিটু, রাজু আহমেদ, আব্দুল করিম বাবু, কামরুল হাসান মুন্না, শাহ নিজাম উদ্দিন আহমেদ, শাহাদাত হোসেন সাজনু, হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।
গত ১৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়ে প্রসিকিউশনের শুনানি শেষ হয়। প্রসিকিউশন মামলায় আনা তিনটি অভিযোগ তুলে ধরেন। প্রথম অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে ছয়জনকে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগে ২১ জুলাই ভূইগড় বাসস্ট্যান্ডের সামনে আবদুর রহমান ও মোহাম্মদ রাকিবকে হত্যা এবং তৃতীয় অভিযোগ অনুযায়ী ৫ আগস্ট বদিউজ্জামান ও আবুল হাসানকে হত্যা করা হয়। এই তিন অভিযোগে ১২ আসামির বিরুদ্ধে চলতি বছরের ১৯ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
