ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাদের মনোনয়নপত্র যাচাইবাচাই শেষে ইসি তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করে।
যদি কারও বিরুদ্ধে অভিযোগ থাকে, তবে আগামী ২৬ এপ্রিলের মধ্যে ইসিতে আপিল করা যাবে। স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে মনোনীত সুলতানা জেসমিন জুঁইর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ৬ জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী এবার বিএনপি জোট ৩৬টি, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে ১টি সংরক্ষিত আসন পাবে।
আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
