ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য গত ১২ দিনে বিএনপিসহ তিনটি রাজনৈতিক দলের সমর্থন পেতে নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৩১ জন।
সংরক্ষিত আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মো. মনির হোসেন জানান, আজ রোববার বিকেল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র তিনজন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল।
ইসির তথ্য বলছে, উত্তোলন করা ৪৩১টি মনোনয়নপত্রের মধ্যে বিএনপির পক্ষ থেকে ৪১৭, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৩ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র নেওয়া হয়েছে।
মো. মনির হোসেন বলেন, ‘ইসিতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আর দুদিন বাকি। ৪৩১ জন মনোনয়নপত্র তুললেও মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। তারা হলেন সানজিদা ইসলাম তুলি, নিলুফার ইয়াসমিন মনি ও আশরাফুন নাহার। তারা তিনজনই বিএনপির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন।’
