বাংলাদেশের সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস হওয়ায় বিরোধী দলের পক্ষ থেকে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় পাস হওয়া ৯৮টি অধ্যাদেশের রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, এটি ‘দিনদুপুরে রাজনৈতিক জোচ্চুরি’।
শুক্রবার (১০ এপ্রিল) সংসদ অধিবেশনে বিলটি পাস হওয়ার পর অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, আমরা একটি বিশেষ কমিটি গঠন করেছিলাম, যেখানে ৯৮টি অধ্যাদেশ সম্পর্কে ঐকমত্য ছিল। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিলটিও সেই তালিকার অন্তর্ভুক্ত ছিল। কিন্তু বিলটি উত্থাপনের আধা ঘণ্টা আগে একটি সংশোধনী দেওয়া হয়।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘সরকারি দল চাইলে যেকোনো বিল পাস করতে পারে, তবে বিশেষ কমিটির প্রয়োজন কী ছিল?’ তিনি জোর দিয়ে বলেন, ‘এভাবে চলতে থাকলে আমাদের সংসদে থাকার কোনো দরকার নেই।’
বিলের সংশোধনীতে বিশেষজ্ঞের বদলে মন্ত্রীকে জাদুঘর পর্ষদের সভাপতি করার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘এটি একটি স্বতন্ত্র বিশেষায়িত প্রতিষ্ঠান। এখানে মন্ত্রীকে সভাপতি করা যুক্তিযুক্ত নয়।’
নাহিদ ইসলাম সরকারকে বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের উদাহরণ দিয়ে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক, স্থানীয় সরকার, এমনকি ক্রিকেট বোর্ডে দলীয়করণ হয়েছে।’ তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরও কি দলীয়করণের কবলে পড়বে?’ তিনি সরকারের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
