দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ২ হাজার ৮৪২ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তথ্যানুযায়ী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা নিরসনের লক্ষ্যে ইতোমধ্যে শূন্য পদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) প্রস্তাব পাঠানোর জন্য প্রয়োজনীয় তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি জানান, সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও আলিয়া মাদ্রাসাগুলোর শূন্যপদের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত হালনাগাদ ও সংরক্ষণ করছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক স্বল্পতা নিরসনের জন্য এনটিআরসিএ’র মাধ্যমে শিক্ষক নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।
শিক্ষামন্ত্রী আরও জানান, সিলেট জেলার কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বর্তমানে তিনটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ৪৭টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া, এই দুই উপজেলায় মোট ৪০টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে চলমান শিক্ষক সংকট নিরসনে বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
