সরকারের ১০০ দিনের কার্যক্রম ফ্যাসিবাদের বর্ধিতাংশ: আযাদ

সরকারের ১০০ দিনের কার্যক্রম ফ্যাসিবাদের বর্ধিতাংশ: আযাদ

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে। তিনি দাবি করেন, সরকারের সংসদভিত্তিক বা বাহ্যিক পদক্ষেপগুলি বিগত কর্তৃত্ববাদী শাসনের একটি বর্ধিতাংশ।

আজ (বুধবার) দুপুর সাড়ে ১২টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আযাদ বলেন, সরকার ১০০ দিনের অধিক সময় পার করেছে, কিন্তু তাদের কার্যক্রম জনগণের অধিকার, নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে। তিনি বলেন, সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছে, যা সংসদে অনুমোদনের জন্য ৩০ কার্যদিবসের মধ্যে পাস করা বাধ্যতামূলক। কিন্তু সরকার তা যথাযথ আলোচনার সুযোগ না দিয়ে পাস করে ফেলেছে।

তিনি আরও জানান, গত তিন মাসে দেশে ৫১ হাজার ৪৮৬টি ফৌজদারি মামলা হয়েছে এবং হত্যাকাণ্ড ঘটেছে ৯১৫টি। এর মধ্যে উল্লেখযোগ্য শিশু রামিসা হত্যাকাণ্ড ও গাজীপুরে পাঁচজনের হত্যা। এছাড়া, বিএনপির হাতে ১০০ দিনে ৮৫২টি সহিংস ঘটনা ঘটেছে এবং ৪১ জন খুন হয়েছে।

আযাদ বলেন, সরকার জনগণের প্রতিশ্রুতি ভঙ্গ করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে এবং বিদ্যুতের দামও বৃদ্ধি করেছে। এর ফলে কৃষক ও শিল্পের উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

আরও পড়ুন