প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) বলেছেন, গত দুই মাসে সরকার জনগণের আস্থা অর্জন করেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণ আস্থা রেখেছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি সরকারের গত ২ মাসের সাফল্যের সাতটি বিষয় তুলে ধরতে এই সংবাদ সম্মেলন আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী জনগণের মধ্যে আছেন এবং নিরাপত্তার তোয়াক্কা করছেন না। তিনি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা পালনের চেষ্টা করছেন। এটি সরকারের ৬০ দিনের সবচাইতে বড় অর্জন, যেখানে জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে।
তিনি বলেন, দেশের প্রতিটি সংসদীয় আসনে বিজয়ী প্রার্থীরা নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। বিএনপির ৩১ দফা নির্বাচনি ইশতেহার নিয়ে জনগণের কাছে বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রেস সচিব আরও বলেন, জনগণের কাছে নির্বাচনি ইশতেহারে যে প্রতিশ্রুতি ছিল, সেটি জনপ্রতিনিধিদের পালন করা উচিত। ভোটারদের এই বিষয়টি জানার অধিকার রয়েছে।
সাংবাদিকদের উদ্দেশ্যে সালেহ শিবলী বলেন, বুদ্ধিমত্তা ও এআই ব্যবহার করে মিথ্যাকে সত্যের মতো ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিনি আশা করেন, জনগণ তথ্য জানার সুযোগ পেলে বিভ্রান্ত হবে না।
উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনির পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান, উপ প্রেস সচিব মুস্তফা জুলফিকার হাসান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
