দুবাইয়ের জনপ্রিয় বিলাসবহুল হোটেল ‘বুর্জ আল আরব’ বড় ধরনের সংস্কারের জন্য সাময়িকভাবে বন্ধ হতে যাচ্ছে। হোটেলটি কমপক্ষে ১৮ মাস বা দেড় বছর বন্ধ রাখা হবে। ১৯৯৯ সালে চালু হওয়ার পর এটি প্রথম বড় সংস্কারমূলক কাজ।
হোটেলটির মালিক জুমেইরাহ গ্রুপ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, সংস্কার কাজটি ধাপে ধাপে প্রায় দেড় বছর ধরে চলবে। এর নকশা তত্ত্বাবধান করবেন প্যারিসভিত্তিক ইন্টেরিয়র স্থপতি ত্রিস্তান অর। তবে হোটেলটি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে কি না, তা স্পষ্টভাবে জানানো হয়নি।
একজন কর্মীর মতে, সংস্কারের সময় যাদের বুকিং রয়েছে, তাদের জন্য কাছাকাছি অন্য হোটেলে থাকার ব্যবস্থা করা হচ্ছে। বন্ধ থাকার সময়সীমা পরিবর্তিত হতে পারে।
এই পালতোলা নকশার হোটেলটি দুবাইয়ের অন্যতম জনপ্রিয় স্থাপনা এবং জুমেইরাহ গ্রুপের প্রধান সম্পত্তি। মার্চ মাসের শুরুতে ইরানের ড্রোন হামলা প্রতিহত করার সময় হোটেলের বাইরের অংশে কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল, তবে এই সংস্কারের সাথে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে পর্যটন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে বিলাসবহুল খাতের আয়েও চাপ পড়ছে। তাই এ সময়টাকেই হোটেল সংস্কারের জন্য নির্বাচন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
