জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেছেন, সালাউদ্দিন আহমেদের বিএনপি এবং তারেক রহমানের বিএনপি এক নয়। তিনি সোমবার (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘গণভোট ও অধ্যাদেশ : ছাত্র নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন।
জাহিদ আহসান বলেন, বিএনপি বর্তমানে সালাউদ্দিন আহমেদের ফাঁদে পড়ছে। তিনি উল্লেখ করেন, সালাউদ্দিন আহমেদের কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে দলটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে তিনি বিএনপিকে ‘তথাকথিত সুশীল সমাজ ও সেকুলার’ গোষ্ঠীর ফাঁদে পড়ার বিষয়ে সতর্ক করেন, যারা অতীতে বিএনপির ওপর হওয়া নির্যাতনের বৈধতা দিয়েছিল।
জাতীয় ছাত্রশক্তির সভাপতি ৭১-পরবর্তী বাকশালের বিরুদ্ধে ছাত্রদের রুখে দাঁড়ানোর উদাহরণ টেনে বলেন, বর্তমান গণঅভ্যুত্থান নস্যাৎ করার চেষ্টা চলছে, যার বিরুদ্ধে ছাত্রদের সোচ্চার হতে হবে। তিনি মনে করেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ছাত্রদের জনগণের পক্ষে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে, নতুবা তারা বর্তমান প্রজন্মের রাজনীতি থেকে ছিটকে পড়বে।
আলোচনা সভায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি সিগবাতুল্লাহ সিগবা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী এবং বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ প্রিন্স উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
