সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা মাওলানা হানজালার মেজাজ হারানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শিবচরের দত্তপাড়ায় একটি স্থানীয় বিরোধ মীমাংসার লক্ষ্যে সালিশ বৈঠকে বসেন পীরজাদা হানজালা। সালিশ চলাকালীন এমপির উপস্থিতিতেই পক্ষ-বিপক্ষের লোকজন উচ্চবাচ্য এবং তীব্র তর্কে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে একপর্যায়ে এমপি হানজালা মেজাজ হারিয়ে উত্তেজিত হয়ে পড়েন এবং দুই পক্ষকেই কঠোর ভাষায় শাসান।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মন্তব্য করেছেন, একজন সংসদ সদস্য হিসেবে তার আরও নমনীয় ও ধৈর্যশীল হওয়া উচিত ছিল। আবার অনেকের মতে, বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তার এমন কঠোর অবস্থানের প্রয়োজন ছিল।

এ বিষয়ে জানতে চাইলে পীরজাদা হানজালা বলেন, ‘একটি সালিশে বসে দুই পক্ষ যখন নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছিল, তখন পরিস্থিতি শান্ত করতে এবং তাদের নিবৃত্ত করতেই আমি কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিলাম। তবে পরবর্তীতে সেই সালিশটি অত্যন্ত সুন্দরভাবে শেষ হয়েছে এবং দুই পক্ষই তা মেনে নিয়েছে।’

আরও পড়ুন