সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা মেনে নেওয়া হবে না: ইসলামী আন্দোলন

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা মেনে নেওয়া হবে না: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় এসে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ঘোষণা দিয়েছে, যাতে নিরাপত্তার চেয়ে রাজনীতি বেশি। তিনি বলেন, ভারত তাদের সীমান্তে কী করবে তা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু বাংলাদেশ সীমান্তে কোনো ধরনের বর্বরতা করা যাবে না। সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিক হত্যাকে আর মেনে নেওয়া হবে না।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, একই ভাষাভাষি দুই প্রতিবেশি দেশের সীমান্তে আইনের ফাঁকে নানা কর্মকাণ্ড হয়, যার সঙ্গে উভয় দেশের নাগরিকরাই জড়িত থাকে। এসব কর্মকাণ্ডের আর্থিক দিক বিবেচনায় বাংলাদেশের ক্ষতিই বেশি। আমাদের সাহসী সীমান্তরক্ষী বাহিনী সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে। এই ক্ষেত্রে বিএসএফও যদি ইতিবাচক ভূমিকা রাখে, তাহলে সীমান্ত নিরাপদ হবে। কিন্তু বিএসএফের অতীতের আচরণ আমাদের ক্ষুদ্ধ করেছে। পশ্চিমবাংলায় বিজেপির ক্ষমতাগ্রহণের পরে পরিস্থিতির উন্নতি আশা করছি এবং অবনতি হলে সতর্কবার্তা উচ্চারণ করছি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী প্রমুখ।

আরও পড়ুন