সোনামসজিদ বন্দরে দুই দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

সোনামসজিদ বন্দরে দুই দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আগামী ২৩ ও ২৪ এপ্রিল (বৃহস্পতিবার ও শুক্রবার) টানা দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত সরকারের ৩০ মার্চ জারিকৃত এক সরকারি আদেশের কারণে ২৩ এপ্রিল ভারতের মহদীপুর অংশে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। ফলে ওইদিন সোনামসজিদ বন্দরের আমদানি-রপ্তানিও বন্ধ থাকবে।

তিনি আরও জানান, পরদিন ২৪ এপ্রিল বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও বন্দরের কার্যক্রম স্থগিত থাকবে। এ কারণে মহদীপুর-সোনামসজিদ স্থলবন্দরে টানা দুই দিন কোনো ধরনের পণ্য আমদানি-রপ্তানি হবে না।

তবে ইমিগ্রেশন সেন্টার খোলা থাকায় এই দুই দিন যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগামী ২৫ এপ্রিল (শনিবার) থেকে পুনরায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

আরও পড়ুন