হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে এসব উপহার সামগ্রী ঢাকা হজ অফিসে এসে পৌঁছেছে এবং বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবারের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন প্রধানমন্ত্রীর এ উপহার সামগ্রী পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আল্লাহর মেহমানদের যাত্রা যেন আরামদায়ক হয়, সেজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লাখ বোতল মিনারেল ওয়াটার, যা ইতোমধ্যে হজ ক্যাম্পে অবস্থানরত যাত্রীদের মাঝে সরবরাহ করা হচ্ছে।
এছাড়া এবারের উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা রাখা হয়েছে। এসব উপহারের মধ্যে রয়েছে ব্যাকপ্যাক, ইহরামের সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক এবং খেজুর। হজ অফিসের সার্বিক তত্ত্বাবধানে এসব সামগ্রী সুন্দরভাবে প্যাকেটজাত করে উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের হাতে তুলে দেওয়া হবে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন。
