যাত্রাবাড়ীর থানার একটি হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্নার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. নজরুল হাসান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনটি ছিল মামলার ভিকটিমকে হত্যার সঙ্গে আসামিদের জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে।
বিচারক প্রত্যেকের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ রিমান্ডের এ তথ্য জানান।
কামরুল হাসান রিপন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে মো. পারভেজ মিয়া আসামিদের গুলিতে আহত হন। প্রথমে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ২৯ অক্টোবর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
