হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনবেন হাইকোর্ট

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনবেন হাইকোর্ট

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। রোববার (১৯ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।

গত ২ এপ্রিল হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সেইসঙ্গে সম্প্রতি দেশে হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন চাওয়া হয়।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়। এর আগে গতকাল ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের শিশুদের হামের টিকার ব্যবস্থা করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ নোটিশ পাঠান।

স্বাস্থ্য মন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিশে তিনি উল্লেখ করেন, কিছুদিন যাবত হামের টিকার অভাবে দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে শিশু মৃত্যুবরণ সহ অসুস্থ হয়ে পড়ে আছে। অথচ এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করছে না।

নোটিশে পত্রিকায় প্রকাশিত হামে আরও দুই শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে ক্ষতি শতাধিক প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। তিনি নোটিশে আরও উল্লেখ করেন ২৪ ঘণ্টার মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে বাংলাদেশ সংবিধানের ১০২ অনুচ্ছেদ মোতাবেক হাইকোর্টে রিট দায়ের করা হবে।

আরও পড়ুন