২২৭৬ বিএনপি নেতাকর্মীকে গুম-খুনের তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ

২২৭৬ বিএনপি নেতাকর্মীকে গুম-খুনের তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ

শেখ হাসিনার শাসনামলে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অপহরণ করে গুম ও ক্রসফায়ারের নামে ২ হাজার ২৭৬ জনকে হত্যার তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গুম, খুন ও মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগ এবং এসব সংগঠনের সন্ত্রাসী বাহিনী ও কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের অপহরণ করে গুম ও নির্যাতন করা হয়। দিনের পর দিন হেফাজতে রেখে ক্রসফায়ারের নামে হত্যা, গুম, আয়নাঘরে আটক ও মিথ্যা গায়েবি মামলা দেওয়া হয়। লাখ লাখ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে অবৈধভাবে আটক রাখা হয়।

এ সময়ে শুধু ক্রসফায়ারের নামেই ২২৭৬ জনকে হত্যা করা হয়, যার মধ্যে ১৭৭৬ জন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। অভিযোগে বলা হয়, বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন ও ধ্বংস করার লক্ষ্যেই নেতা-কর্মীদের ধরে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। ফ্যাসিবাদ সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির নেতা-কর্মীদের মিথ্যা ও কাল্পনিক ঘটনা সৃষ্টি করে ক্রসফায়ারের নামে হত্যা করে। ক্রসফায়ারের নামে হত্যায় ভুক্তভোগী পরিবার এখনো ন্যায়বিচারের অপেক্ষায় আছে।

আরও পড়ুন