২৮ এপ্রিল রূপপুরে শুরু হচ্ছে জ্বালানি লোডিং, আগস্টে গ্রিডে আসবে বিদ্যুৎ

২৮ এপ্রিল রূপপুরে শুরু হচ্ছে জ্বালানি লোডিং, আগস্টে গ্রিডে আসবে বিদ্যুৎ

২৮ এপ্রিল থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাশিয়ার প্রেসিডেন্টের উপস্থিতি নিশ্চিত নয়, তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রী প্রকল্প এলাকায় উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, জ্বালানি লোডিংয়ের মাধ্যমে রূপপুর প্রকল্প উৎপাদন প্রক্রিয়া শুরু করবে। আশা করা হচ্ছে, জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুতে প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করেছে, যা ২৮ এপ্রিল জ্বালানি লোডিংয়ের পথ প্রশস্ত করেছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহিদুল হাসান জানান, রিয়্যাক্টরে পারমাণবিক জ্বালানি লোড করতে ৩০ থেকে ৪০ দিন সময় লাগবে।

প্রকল্পটি পদ্মা নদীর তীরে ঈশ্বরদীতে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে নির্মিত হয়েছে এবং রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়া হয়েছে। এখানে দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর ব্যবহার করা হয়েছে, যা পূর্ণ উৎপাদনে গেলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে।

আরও পড়ুন