আগামী ৩ মে থেকে ধান, চাল ও গম সংগ্রহ শুরু করবে সরকার। চলতি বোরো মৌসুমের ১৮ লাখ টন ধান-চাল ও ৫০ হাজার টন গম সংগ্রহ করা হবে। এ সংগ্রহ কার্যক্রম ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
এ বছর প্রতি কেজি ৩৬ টাকা দরে বোরো ধান, ৪৯ টাকা দরে সিদ্ধ চাল, ৪৮ টাকা দরে আতব চাল এবং ৩৬ টাকা দরে গম কেনা হবে।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী জানান, চলতি মৌসুমে বোরো ধানের লক্ষ্যমাত্রা ৫ লাখ টন, সিদ্ধ চাল ১২ লাখ টন, আতপ চাল ১ লাখ টন এবং গম ৫০ হাজার টন নির্ধারণ করা হয়েছে।
ধান ও গম সংগ্রহ ৩ মে থেকে এবং চাল সংগ্রহ ১৫ মে থেকে শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত চালের মজুত রয়েছে, সরকারি গুদামে ১৭-১৮ লাখ টন চাল মজুত আছে।
তিনি আরও জানান, দেশে গমের মোট চাহিদা ৮০ লাখ টন, যার মধ্যে দেশের উৎপাদন ৭০ থেকে ৭২ লাখ টন। বাকি ৮ লাখ টন জি টু জি পদ্ধতিতে আমদানি করা হয়।
