জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকে কম্পিউটার ল্যাবসংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে স্নাতক (পাস ও সম্মান) পর্যায়ে পাঠদানরত শিক্ষকদের বিষয়ভিত্তিক তথ্যও নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, অধিভুক্ত কলেজসমূহে স্নাতক (পাস ও সম্মান) পর্যায়ে পাঠদানরত স্থায়ী, অস্থায়ী ও খণ্ডকালীন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, বিষয়ভিত্তিক শিক্ষক ডাটাবেজ প্রস্তুত, প্রশিক্ষণ চাহিদা নিরূপণ এবং ভবিষ্যৎ শিক্ষক প্রশিক্ষণ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে শিক্ষকদের তথ্য ও কলেজের কম্পিউটার ল্যাবসংক্রান্ত তথ্য হালনাগাদ করা হবে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ৮ জুলাইয়ের মধ্যে স্নাতক পর্যায়ে পাঠদানরত সব শিক্ষকের তথ্য নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্নাতক (পাস ও সম্মান) পর্যায়ে পাঠদানরত শিক্ষকদের বিষয়ভিত্তিক তথ্যের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে কোর ট্রেনিং ও মাস্টার ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকদের সংখ্যা, প্রশিক্ষণবিহীন শিক্ষকদের তালিকা এবং সংশ্লিষ্ট কলেজে কম্পিউটার ল্যাব রয়েছে কি না—থাকলে কম্পিউটারের সংখ্যাও উল্লেখ করতে হবে।
এসব তথ্য অবশ্যই নির্ধারিত ছক বা বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক্সেল ফাইলের ফরম্যাট ব্যবহার করে teachers.training@nu.ac.bd ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের নির্দেশনার আলোকে এ তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
