অ্যামোনিয়ার অভাবে বন্ধ হয়ে গেল ডিএপি সার কারখানা

অ্যামোনিয়ার অভাবে বন্ধ হয়ে গেল ডিএপি সার কারখানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন কার্যক্রম অ্যামোনিয়ার তীব্র সংকটে বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় মজুত থাকা শেষ অ্যামোনিয়া শেষ হয়ে যাওয়ার পর উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কারখানাটি।

ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের সূত্রে জানা যায়, গত ৪ মার্চ থেকে গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের পাশে অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। ওই দুই কারখানা থেকেই নিয়মিত অ্যামোনিয়া সরবরাহ করা হতো ডিএপি কারখানায়।

সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর কিছুদিন মজুত অ্যামোনিয়া দিয়ে উৎপাদন চালানো হলেও শনিবার বিকেলে তা শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত এই কারখানাটি ২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদনে রয়েছে।

আনোয়ারার রাঙ্গাদিয়া এলাকায় অবস্থিত কারখানাটির দৈনিক উৎপাদন ক্ষমতা ৮০০ টন, দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) মিলিয়ে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ থাকবে।

আরও পড়ুন