আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হিসেবে তাহমিনা রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ এপ্রিল ২০২৬ সালে তাহমিনা রহমান নতুন দায়িত্বে যোগ দেন। তিনি মানবাধিকার, নারী অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যপ্রাপ্তির অধিকার এবং ডিজিটাল অধিকারের ক্ষেত্রে তিন দশকেরও বেশি সময় ধরে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

তাহমিনা রহমান ২০১৯-২০২০ সময়ে আসকের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন নির্বাহী কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিকেল-১৯-এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর ট্রাস্টি বোর্ডের একজন সদস্য। তার নেতৃত্বে বিভিন্ন সময়ে তথ্যপ্রাপ্তির অধিকার জোরদারকরণ, ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনা ও সংস্কারের পক্ষে অ্যাডভোকেসি এবং অনলাইন মতপ্রকাশের নিরাপদ পরিবেশ তৈরিতে প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

মানবাধিকার কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ তাহমিনা রহমান ২০১৭ সালে যুক্তরাজ্যের ‘এমবিই’ সম্মানে ভূষিত হন এবং ২০১৬ সালে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় অবদানের জন্য তিনি ফ্রাঙ্কো-জার্মান প্রাইজ অর্জন করেন।

আরও পড়ুন