আখাউড়া স্টেশনে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, গ্রেফতার ২

আখাউড়া স্টেশনে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে ছিনতাই চক্রের চিহ্নিত সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সফিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লার কোতোয়ালি থানার চানপুর গ্রামের মৃত সুমন পাটোয়ারীর ছেলে রাকিব পাটোয়ারী (২০) ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চাঁনপুর সরকারপাড়ার বাসিন্দা হানিফ মিয়ার ছেলে বাদল (২২)। উভয়ই আখাউড়া স্টেশন এলাকার ভাড়াটিয়া।

মামলা তদন্তকারী কর্মকর্তা রেলওয়ে থানার এসআই শুভন নাগ জানান, বিজয়নগর উপজেলার ইয়াসিন মিয়া (৪০) নামে এক যাত্রী গত রাতে ঢাকাগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনের উদ্দেশ্যে আখাউড়া রেলওয়ে স্টেশনে আসছিলেন। ওই যাত্রী স্টেশনের উত্তর আউটার এলাকায় পৌঁছলে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রটি তার পথরোধ করে। এসময় তারা অস্ত্র ঠেকিয়ে ওই যাত্রীর মোবাইল ও অর্থ লুট করে পালিয়ে যায়। স্টেশনে পৌঁছে টহল পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে প্ল্যাটফর্ম এলাকা থেকে ওই দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। পাশাপাশি উদ্ধার করা হয় ছিনতাইকৃত মালামাল ও অর্থ।

তিনি আরও জানান, পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া হয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট এবং চট্টগ্রাম-ঢাকা চলাচলকারী বিভিন্ন মেইল ও আন্তঃ নগর ট্রেনযাত্রীদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো তারা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা পূর্বক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন