ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরুর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধি রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করা ওই বার্তায় তিনি এই নির্বাচনকে ‘আদর্শের লড়াই’ হিসেবে অভিহিত করেন।
রাহুল গান্ধি ভোটারদের উদ্দেশে লেখেন, পশ্চিমবঙ্গের ভাই ও বোনেরা, এই আদর্শের লড়াইয়ে একমাত্র কংগ্রেসই বিজেপিকে হারাতে পারে। তিনি বলেন, বিজেপি অধিকার কেড়ে নেয়, আমরা দিই। ওরা সংবিধান ধ্বংস করে, আমরা রক্ষা করি।
তিনি আরও যোগ করেন, বিজেপি ভারতের বৈচিত্র্য মুছে ফেলতে চাইলেও কংগ্রেস বাংলাসহ প্রতিটি সংস্কৃতি ও ভাষাকে সম্মান করে।
বার্তায় রাহুল গান্ধি ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়াকে ঘিরে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির কড়া সমালোচনা করেন। তাঁর মতে, নির্বাচনী প্রক্রিয়ার এই পরিবর্তনগুলো সাধারণ মানুষের ভোটাধিকারকে বাধাগ্রস্ত করার একটি কৌশল। পশ্চিমবঙ্গজুড়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কংগ্রেসের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এদিকে, চলতি সপ্তাহে শ্রীরামপুর, মেটিয়াবুরুজ ও কলকাতায় রাহুল গান্ধির একাধিক জনসভা করার পরিকল্পনা রয়েছে। তবে সভাগুলোর অনুমতি পাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
