আদ্-দ্বীন মেডিকেল কলেজ বন্ধ হচ্ছে না

আদ্-দ্বীন মেডিকেল কলেজ বন্ধ হচ্ছে না

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্নদের অন্য হাসপাতালে সংযুক্ত করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানান, এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি রোববার (১৪ জুন) কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর কথা রয়েছে।

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ৬ ধারা অনুযায়ী, বেসরকারি মেডিকেল কলেজের সঙ্গে হাসপাতাল স্থাপনের শর্ত রয়েছে। মেডিকেল কারিকুলাম অনুযায়ী, তৃতীয় বর্ষ থেকেই শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ শুরু হয় এবং এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এক বছরের ইন্টার্নশিপও রয়েছে।

অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, ‘হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও মেডিকেল বন্ধ হচ্ছে না। আমরা অন্য বেসরকারি কলেজে শিক্ষার্থীদের প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্দেশ দিচ্ছি।’ তিনি জানান, মেডিকেল কলেজটিকে যে কোনো বেসরকারি হাসপাতালের সঙ্গে শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) করতে হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সূত্র জানায়, সরকারি-বেসরকারি জেনারেল হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ থাকলেও আদ্-দ্বীন হাসপাতাল সরকারি হাসপাতালে এই সুযোগ পাচ্ছে না। ফলে প্রতিষ্ঠানটিকে বেসরকারি হাসপাতালের সঙ্গেই চুক্তিবদ্ধ হতে হবে।

আরও পড়ুন