ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহন শেখ (৬৫) মাধবপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
গ্রাম্য সূত্র জানায়, শৈলকূপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবদল নেতা আবু জাহিদ চৌধুরীর সমর্থকদের সঙ্গে শৈলকূপা উপজেলা যুবদলের সদস্যসচিব আবুল বাশার তরিকুল সাদাতের বিরোধ রয়েছে। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সাদাতের লোকজন জাহিদের এক সমর্থককে মারধর করে। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে মোহন শেখ নিহত হন এবং উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের শৈলকূপা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আব্বাস নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, মাধবপুর গ্রামে সামাজিক দুই মাতুব্বরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
