আমাদের শিক্ষাব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়

আমাদের শিক্ষাব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়

দেশের সামগ্রিক উন্নয়নের জন্য শিক্ষাখাতে মনোযোগ দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি বলেন, শিক্ষা হলো অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা এবং শিক্ষা ছাড়া জাতির উন্নতি অসম্ভব।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স হলে অ্যাসোসিয়েশন ফর ম্যাস অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক-আমান আয়োজিত ছাত্রবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমান’র নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ আবু ইউসুফ।

কাদের গনি চৌধুরী বলেন, শিক্ষায় সফলতার জন্য প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব পালনের গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখা, পাঠে মনোযোগী হওয়া এবং হোমওয়ার্ক করার পাশাপাশি, শিক্ষকদেরও নিয়মিত পাঠদান ও সততার শিক্ষা দেওয়ার দায়িত্ব আছে।

তিনি আরো বলেন, পরিবারের ভূমিকা সন্তানের সুশিক্ষা ও আদর্শ নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ। পরিবার হলো ‘জ্ঞানচর্চার সূতিকাগার’ এবং শিশুরা তাদের প্রথম শিক্ষা পরিবারের কাছ থেকেই পায়।

শিক্ষা খাতের প্রতি সরকারের উদাসীনতার সমালোচনা করে কাদের গনি চৌধুরী বলেন, শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে করা হচ্ছে, অথচ বরাদ্দ ১২ শতাংশের ভেতরেই সীমাবদ্ধ রয়েছে।

দাউদ মিয়া বলেন, প্রশিক্ষিত ও নিবেদিতপ্রাণ শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। মানসম্মত শিক্ষার ধারণা একটি ব্যাপক বিষয় এবং শিক্ষার্থীরা কী শিখছে সেটাই মুখ্য।

শহিদুল ইসলাম বলেন, দেশের শিক্ষার মান উদ্বেগজনক হারে নিম্নমুখী। সরকারকে সঠিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি, যাতে শিক্ষার মান উন্নয়ন সম্ভব হয়।

আরও পড়ুন