আশকোনায় হাজি ক্যাম্পে লাউঞ্জ নির্মাণে ভূমি সংকট

আশকোনায় হাজি ক্যাম্পে লাউঞ্জ নির্মাণে ভূমি সংকট

ঢাকার আশকোনা হাজি ক্যাম্পে নতুন লাউঞ্জ ভবন নির্মাণে প্রয়োজনীয় জমির সংকট দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, নির্ধারিত স্থানে প্রয়োজনীয় ‘গ্রাউন্ড ক্লিয়ারেন্স’ না থাকায় সেখানে স্থায়ীভাবে লাউঞ্জ নির্মাণ সম্ভব নয়।

আজ (বুধবার) জাতীয় সংসদে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। অধিবেশন সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী জানান, আশকোনা হাজী ক্যাম্পের দর্শনার্থীদের জন্য নতুন লাউঞ্জ নির্মাণ সরকারের বিবেচনায় ছিল। ২০২৫ সালের ১০ নভেম্বর স্থাপত্য অধিদপ্তর কর্তৃক সরেজমিন পরিদর্শনের পর জানানো হয় যে, ওই স্থানে লাউঞ্জ নির্মাণের জন্য প্রয়োজনীয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স নেই। তবে সরকারের পরিকল্পনা রয়েছে, যদি হাজী ক্যাম্পের পার্শ্ববর্তী কোনো খালি জায়গা পাওয়া যায়, তাহলে ভবিষ্যতে আধুনিক লাউঞ্জ নির্মাণ করা সম্ভব হবে।

এদিকে, চট্টগ্রামকে দেশের প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার বিষয়ে সংসদে প্রশ্ন উত্থাপন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। তিনি বলেন, ২০০৩ সালে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হলেও তা কার্যকর হয়নি। বর্তমান সরকারও এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, তবে এই ঘোষণা কবে বাস্তবায়িত হবে তা জানতে চান তিনি।

প্রধানমন্ত্রী জানান, চট্টগ্রাম দেশের প্রধান সমুদ্র বন্দর এবং শিল্প ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু। ২০০৩ সালে চট্টগ্রামকে ‘বাণিজ্যিক রাজধানী’ ঘোষণা করা হলেও প্রশাসনিক আদেশ জারি করা হয়নি। তবে সরকার চট্টগ্রামকে আধুনিক বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সরকার ইতিমধ্যে বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে আধুনিক কনটেইনার টার্মিনাল নির্মাণ, কনটেইনার হ্যান্ডলিং ও কাস্টমস সেবা উন্নত করা অন্তর্ভুক্ত। এছাড়া, বন্দর থেকে শিল্পাঞ্চল ও দেশের অন্যান্য অঞ্চলে দ্রুত পণ্য পরিবহনের ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

আরও পড়ুন