ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে এক কোটি পাঁচ লাখ টাকা মূল্যমানের হিরোইনসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-৪। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর রাতে আশুলিয়ার টঙ্গাবাড়ি মারমা মোড় ব্যাপারীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম শরিফুল হক (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের কটাপাড়া গ্রামের আফান আলীর ছেলে। র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয় করে সাভারসহ অন্যান্য স্থানে বিক্রির জন্য নিয়ে আসতেন।
এছাড়াও, আশুলিয়ার জামগড়া থেকে একজন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে, যিনি চাকরির আশ্বাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন। গ্রেপ্তারকৃতের নাম কবির হোসেন (৫৫), তিনি টাঙ্গাইলের মির্জাপুর থানার মারিশনপাড়া গ্রামের মৃত মোজাফর মিয়ার ছেলে। র্যাব জানায়, কবির দীর্ঘদিন ধরে একাধিক ব্যক্তির কাছ থেকে এয়াপোর্টে চাকুরি দেওয়ার নামে প্রায় ৮০-৯০ লক্ষ টাকা নিতেন।
কবির ভুক্তভোগীদেরকে চাকরির আইডি কার্ড দিয়ে এয়ারপোর্টে যোগদান করতে বলতেন, কিন্তু তারা ভুয়া আইডি কার্ড পেয়ে প্রতারিত হন। পরবর্তীতে ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিলে র্যাব প্রযুক্তির সাহায্যে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দুজনকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, আশুলিয়া থানা পুলিশ আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকেও গ্রেপ্তার করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে মহাসড়কে ডাকাতির একাধিক মামলা রয়েছে এবং এরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে তিনি নিশ্চিত করেন।
