আহমেদীয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনির আহম্মেদ ও তার স্ত্রী সখিনা আহমেদের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক বিল্লাল হোসেন তাদের ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করার পর আদালত এই সিদ্ধান্ত নেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, মনির আহম্মেদ সমিতির সদস্য এবং ১০০০ থেকে ১১০০ নিরীহ লোকের কাছ থেকে অধিক মুনাফা দেওয়ার কথা বলে টাকা নিয়ে প্রতারণামূলকভাবে সর্বমোট ৫৮ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাৎ করেন। এসব অর্থ দিয়ে ফ্ল্যাট ও জমি ক্রয় করে মানিলন্ডারিংসহ সম্পৃক্ত অপরাধের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হওয়ার বিষয়ে তথ্য পাওয়া যায়।
মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের নামে উল্লেখিত ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ থাকা একান্ত প্রয়োজন বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে।
