উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে, যার ফলে মো. সাদেক (২৫) নামের যুবকের পায়ের গোড়ালি উড়ে গেছে এবং ডান পায়ে হাঁটুর নিচের অংশ গুরুতর জখম হয়েছে।

আহত সাদেক উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক-এফ ১৩-এর বাসিন্দা। তার বাবার নাম বশির আহমেদ এবং মায়ের নাম সারা খাতুন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, বিস্ফোরণের ঘটনা ঘটেছে মাস্টার কাঠি পোস্ট থেকে প্রায় ২৫০ মিটার উত্তরে এবং শূন্যরেখা থেকে আনুমানিক ১৫০ মিটার মিয়ানমারের ভেতরে ‘নারিকেল বাগান’ নামে পরিচিত স্থানে।

বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, গুরুতর আহত অবস্থায় সাদেককে তার সহকর্মীরা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে নিয়ে আসছেন। স্থানীয় লোকজনের সহায়তায় প্রথমে তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, সাদেকসহ একদল জেলে জীবিকার তাগিদে মাছ ধরার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করেছিলেন। মাছ ধরা শেষে ফেরার পথে পুঁতে রাখা ল্যান্ডমাইনে বিস্ফোরণ ঘটে।

সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের এ ধরনের ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে, বিশেষ করে জীবিকার প্রয়োজনে সীমান্ত অতিক্রম করা রোহিঙ্গা ও স্থানীয় জেলেদের জন্য এটি একটি বড় ঝুঁকি। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন