এইচএসসি পরীক্ষায় সিসিটিভির নজরদারি নিশ্চিত করবে বোর্ড

এইচএসসি পরীক্ষায় সিসিটিভির নজরদারি নিশ্চিত করবে বোর্ড

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় সকল কেন্দ্র সিসিটিভি ক্যামেরার নজরদারির আওতায় থাকবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলোর সিসিটিভি ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ব্র্যান্ড, এবং সিরিয়াল নম্বরসহ বিস্তারিত তথ্য চেয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিসিটিভির ডিভিআর ও এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখতে হবে। সকল তথ্য আগামী ২১ জুনের মধ্যে বোর্ডে পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোর সিসিটিভি ব্যবস্থার কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের স্বার্থে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। কেন্দ্রগুলোকে তথ্য পাঠানোর জন্য dhakaboardcontroller@gmail.com ঠিকানায় ই-মেইলে প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।

ই-মেইলের বিষয় হিসেবে ‘CCTV EIIN Number’ উল্লেখ করতে হবে, উদাহরণস্বরূপ ‘CCTV 888888’ লেখা হবে, যেখানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ইআইআইএন নম্বর ব্যবহার করবে। বোর্ড বিষয়টি অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্রকে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন