চলতি মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মে মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে। এতে ১২ কেজি বোতলজাত এলপিজির দাম ১ হাজার ৯৪০ টাকা অপরিবর্তিত আছে।
গত এপ্রিলে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দুই দফা বাড়ায় সরকার। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মার্চের তুলনায় মোট ৫৯৯ টাকা বেড়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ হয়।
উল্লেখ্য, গত ২ এপ্রিল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়ায় বিইআরসি। এতে মার্চে যে সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা ছিল, তার দাম বেড়ে দাঁড়ায় ১ হাজার ৭২৮ টাকা। এরপর, ১৯ এপ্রিল একই সিলিন্ডারের দাম আবার ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়।
