এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ

সারা দেশে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর সাড়ে ১৮ লাখেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে।

সাধারণ শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী, সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হবে, যা চলবে ২০ মে পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ থেকে ১৪ জুনের মধ্যে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ১৯ লাখ ৩৬ হাজার শিক্ষার্থী, কিন্তু এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। নবম শ্রেণিতে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করা প্রায় চার লাখ ৪৭ হাজার শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে না।

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার পরীক্ষার্থী রয়েছে। সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএসসি পরীক্ষা নিয়ে গত ২৯ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ১১ দফা নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, সব পরীক্ষাকেন্দ্রের নির্ধারিত স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে এবং মোবাইল ফোনে নেটওয়ার্ক সিগন্যাল বন্ধ রাখতে হবে।

পরীক্ষা চলাকালে শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে কেন্দ্রসচিবদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে এবং পরীক্ষার্থীদের অবশ্যই ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিতে পারবেন না।

প্রতি বেঞ্চে দুই জন এবং একজন পরীক্ষার্থীর বসার ব্যবস্থা করতে হবে, এবং প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন পরিদর্শক নিয়োজিত থাকবে। পরীক্ষার শুরুতেই টয়লেটগুলো তল্লাশি করে নকলের সামগ্রী অপসারণ করতে হবে।

আরও পড়ুন