নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটেছে। দেড় ঘণ্টা পর সঠিক প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়।
আজ মঙ্গলবার সকালে উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রে ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয় এবং পরে সকাল সাড়ে ১১টার দিকে প্রশ্নপত্র পরিবর্তন করে ২০২৬ সালের প্রশ্ন বিতরণ করা হয়। একইসঙ্গে সময় দেড় ঘণ্টা বাড়ানো হয়।
এক শিক্ষার্থী জানায়, বিষয়টি দায়িত্বরত শিক্ষকদের জানালেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেন্দ্রে সচিব ও প্রধান শিক্ষক মতিন সরকার জানিয়েছেন, ‘ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। পরে সময় বাড়িয়ে ২০২৬ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে।’
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, ‘বিষয়টি জানার পর ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিব মতিন সরকারকে ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, এ বিষয়ে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
