এসএসসি শিক্ষার্থীদের পরীক্ষা শেষ করতে ১০ বছরের একদিনও যাতে বেশি সময় না লাগে, সে পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এবং ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এ নিয়ে আজই বৈঠক হবে বলেও জানিয়েছেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করা হচ্ছে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হতে যাতে কোনো সেশন জট না হয়, এ নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সরকার। বৈঠক শেষে সিদ্ধান্ত আসবে।
অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেন বলেন, চুক্তির ফলে এই শিক্ষাপ্রতিষ্ঠান যে বিদ্যুৎ ব্যবহার করত, সেটা থেকে ৩০-৩৫ শতাংশ হ্রাস পাবে। ওমেরা সোলার টেকসই উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্র শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করতে চায়। ৬০০ ওয়াট বিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্প অনুকরণীয় মডেল হিসেবে কাজ করবে, যার সুবিধা পাবে শিক্ষার্থীরা।
