ওপেনএআই আনছে অ্যাপবিহীন স্মার্টফোন, সব কাজ করবে এআই এজেন্ট

ওপেনএআই আনছে অ্যাপবিহীন স্মার্টফোন, সব কাজ করবে এআই এজেন্ট

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই নতুন ধরনের একটি স্মার্টফোন তৈরির পরিকল্পনা করছে, যেখানে অ্যাপের প্রয়োজন হবে না। বরং সব কাজ এআই এজেন্ট সম্পন্ন করবে। প্রযুক্তি সাময়িকী টেকক্রাঞ্চের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কু জানিয়েছেন, এই ফোন তৈরিতে ওপেনএআই মিডিয়াটেক, কোয়ালকম ও লাক্সশেয়ারের সঙ্গে কাজ করতে পারে। এই প্রতিষ্ঠানগুলো চিপ তৈরি, ডিজাইন ও উৎপাদনে সহায়তা করবে।

বর্তমানে ফোনে মেসেজ, রাইড, খাবার অর্ডারসহ বিভিন্ন কাজের জন্য আলাদা অ্যাপ ব্যবহার করতে হয়। কিন্তু নতুন ধারণায় ব্যবহারকারী কেবল বলবেন বা লিখবেন, আর এআই নিজেই কাজটি করে দেবে। এটি এক ধরনের ‘ডিজিটাল সহকারী’ হিসেবে সবসময় ব্যবহারকারীর হয়ে কাজ করবে।

বর্তমানে অ্যাপল ও গুগল অ্যাপ ব্যবস্থা নিয়ন্ত্রণ করায় এআই পুরো ক্ষমতা নিয়ে কাজ করতে পারে না। ওপেনএআই নিজেরা ফোন আনলে এই সীমাবদ্ধতা থাকবে না।

ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বর্তমানে সাপ্তাহিক প্রায় এক বিলিয়ন ব্যবহারকারীর কাছে পৌঁছাচ্ছে। প্রতিষ্ঠানটি চায় মানুষের প্রতিদিনের জীবনে আরও বেশি জায়গা নিতে। বিশ্লেষকদের মতে, এই ফোন ব্যবহারকারীর অভ্যাস ও পরিস্থিতি বুঝতে পারবে এবং নিজে থেকেই প্রয়োজন বুঝে কাজ সাজেস্ট করবে। ফোনের ভেতরের এআই ও ক্লাউড মিলে কাজ করবে।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের শেষের দিকে কিছু ঘোষণা আসতে পারে। ২০২৭ নাগাদ ডিজাইন চূড়ান্ত হতে পারে এবং ২০২৮ সালে এই ফোন বাজারে আসার সম্ভাবনা আছে। এর আগে শোনা গিয়েছিল, ওপেনএআই প্রথমে একটি এআইচালিত ইয়ারবাড আনতে পারে।

আরও পড়ুন