কক্সবাজারে বন্য হাতির তাণ্ডবে প্রাণ গেল ঘুমন্ত মা–মেয়ের

কক্সবাজারে বন্য হাতির তাণ্ডবে প্রাণ গেল ঘুমন্ত মা–মেয়ের

কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে এক মা ও তার তিন বছর বয়সী কন্যার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম খুনিয়াপালং এলাকার সৈয়দ কলোনীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ছেমন আরা (২৫) ও তার শিশু কন্যা আসমা বিবি (৩)। তাঁরা স্থানীয় একরাম মিয়ার স্ত্রী ও সন্তান।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল উদ্দিন বাবুল জানান, ভোরের দিকে তিনটি বন্য হাতির একটি পাল লোকালয়ে ঢুকে পড়ে। হাতিগুলো সৈয়দ কলোনীর কয়েকটি ঘরের সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং আশপাশের গাছপালা উপড়ে তাণ্ডব চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি জানান, প্রাণ বাঁচাতে একরাম মিয়া ছয় বছর বয়সী ছেলে রেহানকে নিয়ে বাড়ির পেছনে সরে যেতে সক্ষম হলেও স্ত্রী ছেমন আরা ও ছোট কন্যা আসমা ঘুমন্ত অবস্থায় হাতির আক্রমণের মুখে পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা মো. তোসাদ্দেক হোসেন জানান, ঘটনার পরপরই হাতির পালটিকে বনের ভেতরে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে হাতির চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি ঘটনাটি অপমৃত্যু মামলা হিসেবে রেকর্ড করা হবে।

স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে খাবারের সন্ধানে বন্য হাতির দলটি খুনিয়াপালং ও দক্ষিণ মিঠাছড়ি এলাকায় নিয়মিত চলাচল করছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন