করপোরেট কর ও টিডিএস কমানোর প্রস্তাব ডিসিসিআইয়ের

করপোরেট কর ও টিডিএস কমানোর প্রস্তাব ডিসিসিআইয়ের

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অ-তালিকাভুক্ত কোম্পানির করপোরেট করহার ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ এবং তালিকাভুক্ত সিকিউরিটিজের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার (টিডিএস) ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে। সংগঠনটি মনে করে, এই প্রস্তাব দুটি বাস্তবায়িত হলে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বাড়বে।

বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় ডিসিসিআইয়ের পক্ষ থেকে এই প্রস্তাবনা দেওয়া হয়। সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।

ডিসিসিআইয়ের প্রাক-বাজেট প্রস্তাবনায় বলা হয়, অ-তালিকাভুক্ত কোম্পানির করপোরেট করহার ২৫ শতাংশ নির্ধারণ করা উচিত, বিশেষ করে যারা ব্যাংকিং মাধ্যমে লেনদেন ও অন্যান্য কমপ্লায়েন্স পরিপালন করে। তবে কোম্পানির সকল রাজস্ব ব্যাংক ট্রান্সফার বা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে গ্রহণের শর্ত আরোপ করতে হবে।

উৎসে কর নিয়ে ডিসিসিআইয়ের প্রস্তাবনায় বলা হয়, আয়কর আইনের ধারা ১০৬ অনুযায়ী বিএসইসি অনুমোদিত সিকিউরিটিজের সুদ থেকে টিডিএস পূর্বের মতো ৫ শতাংশ হতে পারে এবং এটি উৎস করের আওতা থেকে সম্পূর্ণ মুক্ত করা উচিত।

সংগঠনটি আরও জানায়, যদি উৎস কর্তিত কর চূড়ান্ত কর দায় অপেক্ষা অধিক হয়, তাহলে করদাতার ইচ্ছানুযায়ী পরবর্তী করবর্ষে ক্যারি ফরোয়ার্ড করে সমন্বয় করা অথবা নির্ধারিত সময়ের মধ্যে (সর্বোচ্চ ৯০ দিন) রিফান্ড গ্রহণ করা যাবে।

ডিসিসিআই মনে করে, শর্ত সাপেক্ষে অ-তালিকাভুক্ত কোম্পানির করপোরেট করহার কমানো এবং সিকিউরিটিজ সুদে উৎসে কর কমানো হলে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বাড়বে। বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৩৫০টি।

ঢাকা চেম্বারের পক্ষ থেকে প্রাক বাজেট প্রস্তাবনায় আরও ৯টি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন