করমুক্ত আয় বাড়িয়ে ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা

করমুক্ত আয় বাড়িয়ে ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা

আগামীকাল বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হবে। বাজেটে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য বিদ্যমান করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হচ্ছে। এই সুবিধা ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ করবর্ষের জন্য প্রযোজ্য হবে।

এছাড়া, সরকার দেশে প্রথমবারের মতো ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য পাঁচ বছরের একটি দীর্ঘমেয়াদি আয়কর রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং করদাতাদের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার অংশ হিসেবে ২০৩০-৩১ করবর্ষ পর্যন্ত করমুক্ত আয়সীমা ও করহার আগাম নির্ধারণের প্রস্তাব রাখা হচ্ছে এবারের বাজেটে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ করবর্ষে ব্যক্তিদের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকার করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হবে। পরবর্তী দুই করবর্ষ অর্থাৎ ২০২৮-২৯ এবং ২০২৯-৩০-এ তা ৪ লাখ টাকায় উন্নীত হবে এবং ২০৩০-৩১ করবর্ষে করমুক্ত আয়সীমা ৪ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বিশেষ শ্রেণির করদাতাদের জন্যও করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। নারী করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ নাগরিকদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে ৪ লাখ ২৫ হাজার টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৫ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

তাছাড়া, তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা যথাক্রমে ৫ লাখ, ৫ লাখ ২৫ হাজার এবং ৫ লাখ ৭৫ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব রয়েছে। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং গণঅভ্যুত্থানের গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধাদের’ জন্যও করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব রয়েছে।

প্রথমবারের মতো প্রতিবন্ধী ব্যক্তির পিতা-মাতা বা আইনানুগ অভিভাবকদের জন্যও বিশেষ আর্থিক সুবিধা রাখা হয়েছে। প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য অতিরিক্ত ৫০ হাজার টাকা আয় করমুক্ত হিসেবে গণ্য হবে।

করমুক্ত আয়সীমা বৃদ্ধির পাশাপাশি আগামী পাঁচ বছরের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের করহারও আগাম নির্ধারণের প্রস্তাব রাখা হচ্ছে। নতুন কাঠামোর অনুযায়ী, নিম্ন ও মধ্যম আয়ের করদাতাদের জন্য বিদ্যমান প্রগতিশীল করব্যবস্থা বহাল থাকবে। তবে উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর তুলনামূলক বেশি কর আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিআর সূত্রে জানা যায়, ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ করবর্ষে প্রথম ৩ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত থাকবে। পরবর্তী ৩ লাখ টাকার ওপর ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকার ওপর ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার ওপর ২০ শতাংশ এবং পরবর্তী ২০ লাখ টাকার ওপর ২৫ শতাংশ হারে কর দিতে হবে।

২০২৮-২৯ এবং ২০২৯-৩০ করবর্ষে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকায় উন্নীত করা হবে এবং একই সঙ্গে নতুন কর স্ল্যাব যুক্ত করা হবে। ২০৩০-৩১ করবর্ষে করমুক্ত আয়সীমা ৪ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন কাঠামোর মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের করদাতাদের কিছুটা স্বস্তি দেওয়া হবে এবং উচ্চ আয়ের ব্যক্তিদের কাছ থেকে বেশি রাজস্ব আহরণ করা হবে।

আরও পড়ুন