করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি থেকে করলা চুরির অভিযোগে স্ত্রী ছালেহা বেগমকে (৪০) গাছে বেঁধে পিটিয়েছেন স্বামী বদিয়া মিয়া। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে ছালেহা বেগম ফরহাদ হোসেনের জমি থেকে করলা চুরি করে। এসময় জমির মালিকসহ এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। পরে ছালেহার পরিবারকে জানালে তার স্বামী সকাল ৯টার দিকে এসে স্ত্রীকে গাছে বেঁধে লাঠি দিয়ে মারধর করেন। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জমির মালিক ফরহাদ হোসেন বলেন, ‘জমি থেকে প্রায়ই করলা চুরি হয়। পরে গোপনে ছালেহা নামের নারীকে এক বস্তা করলাসহ হাতেনাতে আটক করা হয়।’

স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, হাতেনাতে করলাসহ ওই নারীকে আটক করা হয় এবং পরে তার স্বামী এসে তাকে শাসন করে বাড়ি নিয়ে যান।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলী জানান, করলা চুরির অভিযোগে স্বামী স্ত্রীর মধ্যে মারধরের ঘটনাটি শুনেছেন, তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে。

আরও পড়ুন