কর্মস্থলে দীর্ঘসময় এসিতে থাকলে যেসব ক্ষতি হয়

কর্মস্থলে দীর্ঘসময় এসিতে থাকলে যেসব ক্ষতি হয়

অফিসে দীর্ঘসময় এয়ার কন্ডিশনের মধ্যে থাকার ফলে ত্বক ও চুলে নানা সমস্যা দেখা দিতে পারে। সকালে বাসা থেকে বের হওয়ার সময় অনেকেই ফ্রেশ অনুভব করেন, কিন্তু অফিসে কয়েক ঘণ্টা কাটানোর পর এই সতেজতা কমতে থাকে। ত্বক শুষ্ক হয়ে যায়, চুল তেলতেলে মনে হয় এবং ক্লান্তির ছাপ মুখে ভর করে।

বিশেষজ্ঞদের মতে, ‘অফিস এয়ার থিওরি’ নামক একটি ধারণা এই পরিবর্তনের পেছনে কাজ করে। অফিসের পরিবেশে আর্দ্রতা কমে যায়, যা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা হারাতে বাধ্য করে। শুষ্কতা সামাল দিতে ত্বক বেশি তেল তৈরি করতে শুরু করে, ফলে সমস্যাগুলি দ্বিগুণ হয়।

অফিসের অধিকাংশ স্থানেই জানালা-দরজা বন্ধ থাকে, ফলে বাইরের তাজা বাতাস প্রবেশ করে না। এতে ধুলা এবং অ্যালার্জিজনিত কণাগুলো জমে যায়, যা ত্বককে নিস্তেজ করে। এছাড়া, দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে থাকার ফলে চোখ শুকিয়ে যাওয়া, চাপ অনুভব করা এবং ক্লান্ত ভাব দেখা দেয়।

অফিসের কাজের চাপ ও মানসিক দুশ্চিন্তা শরীরে হরমোনের পরিবর্তন ঘটায়, যা ত্বকে অতিরিক্ত তেল উৎপাদন বাড়াতে পারে। এর ফলে ব্রণ, তেলতেলে ভাব এবং নিস্তেজতা বৃদ্ধি পায়।

এই সমস্যাগুলো এড়ানো না গেলেও কিছু সহজ অভ্যাসে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। পর্যাপ্ত পানি পান করে শরীর হাইড্রেটেড রাখা, নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করার পাশাপাশি কাজের ফাঁকে ছোট বিরতি নিয়ে কিছু সময় খোলা বাতাসে থাকা সহায়ক হতে পারে। এছাড়া, বারবার চুলে হাত না দিয়ে পরিষ্কার রাখা এবং প্রয়োজনে ড্রাই শ্যাম্পু ব্যবহার করা উচিত।

অফিসের পরিবেশ, এসির বাতাস ও কাজের চাপ মিলিয়ে ত্বক ও চুলে এই পরিবর্তন আনে। তবে সচেতনতা ও নিয়মিত যত্ন নিলে ব্যস্ত কর্মজীবনেও সতেজ লুক ধরে রাখা সম্ভব।

আরও পড়ুন