কাবা শরিফের চারপাশে ঘোরা বা প্রদক্ষিণ করাকে তাওয়াফ বলা হয়। ইসলামি শরিয়তের পরিভাষায়, তাওয়াফের নিয়ত করে পবিত্র কাবা ঘরের হাজরে আসওয়াদের কোণ থেকে শুরু করে চারপাশে সাত বার ঘোরাকে তাওয়াফ বলা হয়। এটি হজ ও ওমরাহর অপরিহার্য আমল।
ওমরাহ আদায়ের সময় তাওয়াফ করা ফরজ এবং হজের সময় এটি জিয়ারতের অংশ। তাওয়াফের সময় কাবাকে শরীরের বাম দিকে রাখতে হয় এবং কাবার দিকে মুখ করে বা পিঠ দিয়ে উল্টা দিক থেকে তাওয়াফ করা যায় না। যদি ভিড়ের কারণে কেউ উল্টা দিকে হাঁটে, তবে সে অংশ তাওয়াফ হিসেবে গণ্য হবে না।
এমন অবস্থায়, যদি বুক বা পিঠ কাবার দিকে চলে যায়, তাহলে যেখান থেকে সে হাঁটতে শুরু করেছে, সেখান থেকে ফিরে আসতে হবে। যদি তা সম্ভব না হয়, তাহলে ওই চক্কর বাতিল করে নতুন করে শুরু করতে হবে।
হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি বায়তুল্লাহর চারদিকে সাতবার প্রদক্ষিণ করবে এবং তাওয়াফ যথাযথভাবে সম্পন্ন করবে, তা তার জন্য গোলাম মুক্ত করার সমতুল্য হবে। আল্লাহ তাআলা তার একটি গুনাহ মাফ করে দেন ও তার জন্যে একটি সাওয়াব নির্ধারণ করেন।
