কারেন্ট না থাকায় তিন পুলিশ অচেতন

কারেন্ট না থাকায় তিন পুলিশ অচেতন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দিনরাত চলমান অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে শুক্রবার রাতে সরাইল থানার তিন পুলিশ কর্মকর্তা প্রচণ্ড গরমে অচেতন হয়ে পড়েন। তারা হলেন বাবুল হোসেন (৪৭), মেহেরাব হোসেন (২৮) ও সাদ্দাম হোসেন (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত থানায় বিদ্যুৎ ছিল না। এ সময় ভ্যাপসা গরমে তিন পুলিশ সদস্য অজ্ঞান হয়ে পড়েন। সহকর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ হন।

অজ্ঞান হওয়া পুলিশ সদস্য বাবুল জানান, বিদ্যুৎ না থাকার কারণে প্রচণ্ড গরম লাগছিল এবং তিনি কখন অচেতন হয়ে পড়েন তা বুঝতে পারেননি। সহকর্মীরা মাথায় পানি দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি কিছুটা সুস্থ হয়ে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইলের নয়টি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়ন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) আওতাধীন। এখানে বিউবোর গ্রাহক সংখ্যা ৫১ হাজার, যারা প্রতিদিন ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান, গরমে অসুস্থ হয়ে পড়া পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি জানান, থানায় বর্তমানে ৬৮ জন পুলিশ কর্মরত আছেন এবং সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সরাইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ বলেন, এখানে বিদ্যুতের চাহিদা ১৮ মেগাওয়াট, কিন্তু বর্তমানে মাত্র ৮ থেকে ১০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে লোডশেডিং ছাড়া কোনো বিকল্প নেই।

আরও পড়ুন