ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কালবৈশাখী ঝড়ে এয়ারটেলের একটি মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, বিদ্যুৎ ও ফসলি জমি।
মঙ্গলবার সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর বাসস্ট্যান্ডের সামনে মোবাইল টাওয়ারটি মুহূর্তেই ভেঙে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় ওই এলাকায় মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। খবর পেয়ে টাওয়ার কোম্পানির লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয়রা জানান, সকাল থেকে আকাশ অন্ধকার হয়ে যায়। সাড়ে ৯টায় শুরু হয় কালবৈশাখী ঝড়। প্রচণ্ড ঝড়ে এলাকার অসংখ্য ঘরবাড়ি ও গাছপালা ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ সময় তিনলাখপীর বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত এয়ারটেলের একটি মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ার দুমড়ে-মুচড়ে ভেঙে পাশের পুকুরে পড়ে যায়। টাওয়ারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মোবাইল কোম্পানির লোকজন জানান, এটি একটি মাদার টাওয়ার। এই টাওয়ারের লিংকে আরও প্রায় ১০টি টাওয়ারের সংযোগ রয়েছে। টাওয়ারটি নতুন স্থাপনের পর সংযুক্ত টাওয়ারগুলোতে পূর্ণ নেট পাওয়া যাবে।
অন্যদিকে, ঝড়ের সময় কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। এতে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট লোকজন জানান, সম্পূর্ণ বিদ্যুৎ ব্যবস্থা সচল করতে প্রায় সপ্তাহখানেক সময় লাগতে পারে।
প্রচণ্ড ঝড়ে পাকা বোরো ফসলি জমির ক্ষতি হয়েছে। বাতাসের তীব্র আঘাতে পাকা ধান ঝরে পড়াসহ গাছ ভেঙে জমিতে পড়ে আছে। এ অবস্থায় পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয় নিরূপণের কাজ চলছে। মোবাইল টাওয়ার ভেঙে যাওয়ার পাশাপাশি বড় গাছ পড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের একটি বড় অংশ ভেঙে গেছে। মঈনপুর বাজারের বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়কে পড়েছিল, যা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এছাড়া সব সড়ক থেকে ভেঙে পড়া গাছ ও বিদ্যুতের তার সরানোর চেষ্টা চলছে।
