সারাদেশে চলমান অস্ত্র ও মাদক উদ্ধার, জুয়া, অনলাইন জুয়া, ক্যাসিনো বিরোধী পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম।
শনিবার (২ মে) রাতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ৬৫ পিস ইয়াবা ও ৪ বোতল ইস্কাফসহ ১ জন, নাগেশ্বরীতে ৬ পিস ইয়াবাসহ ১ জন, ভূরুঙ্গামারীতে ৫৫০ গ্রাম গাঁজাসহ ৪ জন, রাজিবপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ ১ জন ও রৌমারীতে ৭৮ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
এছাড়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন মাদক স্পটে বিশেষ অভিযান পরিচালনা করে উলিপুর থানায় ৩ জনকে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ৫শ টাকা জরিমানা ও চিলমারীতে ১ জনকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম বলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম স্যারের নির্দেশে কুড়িগ্রাম জেলায় মাদক-জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদকসহ ৮ কারবারি ও মোবাইল কোর্টে ৪ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
