কুমিল্লার চান্দিনায় ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও স্থানীয় জনতা। রোববার দুপুর ১২টার দিকে চান্দিনার কাঠেরপুল এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন চান্দিনা ও দেবিদ্বার উপজেলার কয়েকটি গ্রামের শত শত মানুষ।
মহাসড়ক অবরোধের ফলে চান্দিনা উপজেলায় অন্তত ৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পশ্চিম দিকে মাধাইয়া এবং পূর্ব পাশে নিমসার পর্যন্ত এ যানজট বিস্তৃত ছিল।
খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।
এমপির পক্ষ থেকে ফুটওভার ব্রিজ বা বিকল্প সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে দাঁড়ান। পরে অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যানজট কাটতে শুরু করে। বেলা আড়াইটার দিকে মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা গেছে।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মমিন বলেন, ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এর ফলে সামান্য যানজট সৃষ্টি হয়েছিল। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
