কুমিল্লায় দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত তিনটি বাসে আগুন লেগেছে। রোববার দুপুরে এ ঘটনায় বাস তিনটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানান, ‘রয়েল কোচ’ নামের এসি বাস তিনটি বিকল হয়ে পড়ায় বাসস্ট্যান্ডে রাখা হয়েছিল। দুপুরে হঠাৎ আগুন লাগলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস তিনটিতে নিয়মিত মাদকের আসর বসানো হতো। আগুন লাগার কিছুক্ষণ আগে একটি বাস থেকে পাঁচজন মাদক সেবন করে বের হয়ে আসেন। ধারণা করা হচ্ছে, গ্যাস লাইটার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ পাঠানো হয়েছে। আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধান ও তদন্ত চলছে।

আরও পড়ুন