কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গৃহবধূ মনোয়ারা খাতুনের (৪৫) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
রোববার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায় আদালতের নির্দেশে পুলিশ লাশটি মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর ও নওদা ক্ষেমিরদিয়াড় কবরস্থান থেকে উত্তোলন করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জানা গেছে, মনোয়ারা খাতুন ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং এলাকাবাসীর মতে তার রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দ্বিতীয় স্বামী আমিন ব্যাপারী পলাতক রয়েছেন।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ মনোয়ারা খাতুন মারা যান। তার ছেলে সুমন কুষ্টিয়া আদালতে একটি হত্যা মামলা করেন। মামলাটির তদন্তভার ভেড়ামারা থানা পুলিশ গ্রহণ করেছে এবং আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেন।
লাশ উত্তোলনের সময় ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. লতিফুল কবির লিমন এবং ভেড়ামারা থানার তদন্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম (রকিব) উপস্থিত ছিলেন।
ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) মো. রাকিবুল ইসলাম (রকিব) বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
